যশোরে স্ত্রী হত্যার পর স্টিলের বাক্সে মরদেহ, আটক স্বামী


যশোর প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৫:১৪ পূর্বাহ্ন /
যশোরে স্ত্রী হত্যার পর স্টিলের বাক্সে মরদেহ, আটক স্বামী

যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে স্টিলের বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে নির্মমভাবে হত্যা করে নিজ ঘরের কাপড়ের বাক্সে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নিহতের স্বামী তপন দেবনাথকে আটক করা হয়েছে।

৯ জুলাই (মঙ্গলবার) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুচিত্রা দেবনাথ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষণগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকাল ৬টার দিকে সুচিত্রাকে সর্বশেষ জীবিত দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তার স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে নিজ ঘরের স্টিলের কাপড়ের বাক্স খুলে ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ দেখতে পান তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে সুচিত্রা দেবনাথের মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। পরে লাশ গোপন করতে স্টিলের বাক্সে ঢেকে রাখা হয়।পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তপন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

You cannot copy content of this page