
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যুবদল নেতা রিয়াদ আহমেদের ওপর হামলার প্রতিবাদে বিকেল ৩টায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয় ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের অনুসারীরা। একই সময়ে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বাধীন আরেকটি পক্ষও পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।
একই স্থানে দুই পক্ষের সমাবেশ আহ্বান করায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :