র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক মুবিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের যশোর রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তল্লাশিকালে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থামানো হয়।
তিনি আরও জানান, বাসটিতে তল্লাশি চালানোর সময় ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি সন্দেহভাজন ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে তার ভেতর থেকে ১ কেজি ৫১০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।
তবে র্যাব জানায়, ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় থাকায় এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাগটি রেখে সটকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।



আপনার মতামত লিখুন :