হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী
Rokonuz Zaman
প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন /
০
সংবাদ প্রতিদিন ডেস্ক:
হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (৩ মে) লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, ‘হাওর অঞ্চলের বিভিন্ন জেলায় লাখ লাখ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার এই খাদ্য সহায়তা কর্মসূচি চালু করছে।’
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত জেলার কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকাভুক্তদের বিশেষ কার্ড দেয়া হবে, যার মাধ্যমে তারা প্রতি মাসে খাদ্য সহায়তা পাবেন। কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
আগামী ৬ মে সুনামগঞ্জে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসহায় পরিবারের মধ্যে আয়বর্ধক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল দোকানের মালামাল, ভ্যানগাড়ি, গরু ও সেলাই মেশিন।
আপনার মতামত লিখুন :