৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ২, ২০২৬, ১০:০১ অপরাহ্ন /
৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
সংবাদ প্রতিদিন ডেস্ক:
রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২ মে) রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বার্তায় বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

You cannot copy content of this page