সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৬ জনই উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন— ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (অ্যান্টি টেরোরিজম ইউনিট), ডিআইজি ইমতিয়াজ আহমেদ (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. হাবিবুর রহমান (সিআইডি), ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর (পুলিশ অধিদফতর), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) পরিচালক ডিআইজি মো. হারুন-অর-রশীদ, ডিআইজি এস এম আখতারুজ্জামান (পুলিশ স্টাফ কলেজ) এবং ডিআইজি হায়দার আলী খান (কমান্ড্যান্ট, পিটিসি, নোয়াখালী)।
তালিকায় আরও রয়েছেন— ডিআইজি মো. মাহবুব রহমান ভূইয়া (কমান্ড্যান্ট, পিটিসি, খুলনা), ডিআইজি রুহুল আমিন (ট্যুরিস্ট পুলিশ), ডিআইজি মো. রফিকুল হাসান গনি (হাইওয়ে পুলিশ), ডিআইজি মো. মিজানুর রহমান (পুলিশ অধিদফতর), ডিআইজি মো. মজিদ আলী (সিআইডি), ডিআইজি কাজী জিয়া উদ্দিন (পুলিশ অধিদফতর), ডিআইজি মো. গোলাম রউফ খান (রেলওয়ে পুলিশ), ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট, পিটিসি, রংপুর) এবং ডিআইজি রাখফার সুলতানা খানম (হাইওয়ে পুলিশ)। এছাড়া রেলওয়ে পুলিশের এসপি ফারহাত আহমেদকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এই ধারায় বলা আছে, কোনো কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে জনস্বার্থে অবসর দিতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত সুবিধাদি (পেনশন ও অন্যান্য) লাভ করবেন।
একই দিনে এত বিপুল সংখ্যক শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়টি প্রশাসনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



আপনার মতামত লিখুন :