ভাঙ্গায় বোমাসহ তিন যুবক গ্রেফতার, নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন যুবলীগ নেতা


ফরিদপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন /
ভাঙ্গায় বোমাসহ তিন যুবক গ্রেফতার, নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন যুবলীগ নেতা

ফরিদপুরের ভাঙ্গায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

তিনি জানান, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ নাশকতার পরিকল্পনা করছে।তারই অংশ হিসেবে ভাঙ্গায় বোমা তৈরির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

অভিযানস্থল থেকে ১৯টি তৈরি পেট্রোল বোমা, ৪৮টি বিভিন্ন ব্র্যান্ডের খালি কাচের বোতল, স্কচটেপ, দিয়াশলাই, গান পাউডার, বারুদ, চুন, পেট্রোল, ছুরি ও বোমা তৈরির নানা উপকরণ জব্দ করা হয়েছে।

এসপি আব্দুল জলিল জানান, গ্রেফতারকৃত তিনজনই ঢাকার মিরপুরে বসবাস করেন। তাদের কোনো পেশা নেই।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ভাঙ্গায় বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন যুবলীগ কর্মী মুরাদ, যিনি সাবেক এমপি নিক্সন চৌধুরীর গার্ডম্যান ছিলেন। মুরাদের নির্দেশেই তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার মিরপুরের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে মো. হোসেন রাজ (২২), চাঁদপুরের মতলব উপজেলার নূর মোহাম্মদ স্বপনের ছেলে আহাম্মদুল রশিদ রাকিব (২৫) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জুয়েল রানা (২৫)।

এসপি জানান, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মদদে সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য পেট্রোল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং নির্দেশদাতাসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মাহমুদ, ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপপরিদর্শক আফজাল হোসেন, মো. মোশারফ হোসেন ও সাকরাতুল। এ সময় ভাঙ্গার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page