মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন /
মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার মূর্তিসহ দুই পাচারকারী গ্রেফতার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর থেকে দেড় কোটি টাকা মূল্যের প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।
শুক্রবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আটপাড়া ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৫২)।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল আটপাড়া ক্লাব এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই মূর্তির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। মূর্তির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের প্রাচীন সম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন। এই মূর্তটিও তারা বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

You cannot copy content of this page