এখনও ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচেঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন /
এখনও ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচেঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

জেসিআই কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “৫৬ বছরে আমরা জাতি হিসেবে অনেক পথ পাড়ি দিলেও কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারিনি। দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনো আশানুরূপ পর্যায়ে যায়নি।” তিনি তথ্য তুলে ধরে বলেন, দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন এবং একটি বড় অংশ মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।

দেশের বর্তমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের চিত্রও তুলে ধরেন এলজিআরডি মন্ত্রী। বিশেষ করে তরুণ প্রজন্মের স্ব-উদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে তিনি দেশের অর্থনীতির জন্য শুভলক্ষণ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, তরুণদের একটি বিরাট অংশ নিজের চেষ্টায় উদ্যোক্তা হচ্ছে, যা প্রশংসনীয়। জেসিআই তরুণদের দক্ষতা উন্নয়নে যে কাজ করছে, তা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

বড় কিছু অর্জনের জন্য স্বপ্নের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আমিও স্বপ্ন দেখি যে আমরা পারব। আমাদের দেশ আমাদেরকেই গড়তে হবে, বাইরে থেকে কেউ এসে ভালো করে দিয়ে যাবে না।

খাদ্যঘাটতি কাটিয়ে ওঠাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের সক্ষমতা অর্জনের বিষয়গুলো তুলে ধরে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

You cannot copy content of this page