মাদারীপুরে মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ


অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি  প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১২:১০ অপরাহ্ন /
মাদারীপুরে মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে কামাল জামান মোল্লা সমর্থকরা।

হাজারও নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শুরু হওয়া এই সমাবেশ চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করেন।

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার নামও ছিল। তবে “অনিবার্য কারণবশত” তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সমাবেশে হাজারো নেতা-কর্মী “নমিনেশন ফিরিয়ে দাও” ও “সিদ্ধান্ত পুনর্বিবেচনা করো” স্লোগান দেন। বক্তারা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের জনপ্রিয় নেতা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূল তা মেনে নেবে না।

বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “আমাকে মনোনয়ন দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু কুচক্রী মহলের প্রভাবে সেটি স্থগিত করা হয়। গত ১৮ বছরে আমি দল ও গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছি—জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি, ব্যাবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। অথচ সেই ত্যাগের বিনিময়ে আজ আমাকে অন্যায়ভাবে বঞ্চিত করা হলো।”

সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা, উপজেলা বিএনপির উপজেলা বিএনপির আহ্বায়ক হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান (সাজু) মোল্লা, সদস্য মাহবুব রহমান মাদবর, শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), পৌর বিএনপি সদস্য সচিব আজমল হোসেন বড় বিএনপির সদস্য সচিব সেলিম খান, বিএনপির বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নূর, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা-কর্মী।

সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমাবেশটি সম্পন্ন হয়েছে।

You cannot copy content of this page