এমপি প্রার্থীকে গুলিঃ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন /
এমপি প্রার্থীকে গুলিঃ হামলাকারীদের গ্রেপ্তারের দাবি মির্জা ফখরুলের

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতিকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহসহ আরো একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন- এটি অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এর আগে, চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী।

You cannot copy content of this page