রাকসু নির্বাচনঃ ভোট গ্রহণের নতুন তারিখ ১৬ অক্টোবর


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন /
রাকসু নির্বাচনঃ ভোট গ্রহণের নতুন তারিখ ১৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও তা পিছিয়ে নতুন তারিখ ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। এ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে ১৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছে।

পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ লাগাতার কর্মবিরতি পালন করছে।

‘শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে’ সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করা হয়।

এ প্রেক্ষাপটে দুপুরে শাখা ছাত্রদলসহ পাঁচটি প্যানেল রাকসু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানায়। অপরদিকে রাবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই ভোটগ্রহণের দাবি জানান। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ভোটগ্রহণের নতুন দিন ঘোষণা করে।

You cannot copy content of this page