কুষ্টিয়ায় মা-বাবার কবরে সংগীতশিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন


কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন /
কুষ্টিয়ায় মা-বাবার কবরে সংগীতশিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন

দেশবরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মরদেহ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্তানে দাফন করা হয়েছে। শেষ ইচ্ছা অনুযায়ী মা রৌফা বেগম ও বাবা দেলওয়ার হোসেনের কবরে তাকে দাফন করা হয়। এর আগে, এশার নামাজের পর রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌর গোরস্থানের সামনে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, কবি ও চিন্তক ফরহাদ মাযহারসহ প্রয়াত শিল্পীর আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন।

লালনের গানের বাণী ও সুরকে দেশবিদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভীনের অবদান সর্বজনস্বীকৃত।

শুরুতে নজরুলসংগীত ও আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হয়। তবে তার সংগীত জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। বাংলাদেশের লালনসংগীতের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।স্বাধীনতার পর কুষ্টিয়ার দোলপূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন।

You cannot copy content of this page