নানা সমস্যায় জর্জরিত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই রুগী


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন /
নানা সমস্যায় জর্জরিত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই রুগী

কিশোরগঞ্জ জেলার হাওরাঞ্চল অষ্টগ্রাম উপজেলায় স্বাস্থ্যসেবার করুণ চিত্র দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চলমান থাকায় সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে জানা গেছে, প্রায় এক লাখ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে নিয়মিত দায়িত্ব পালন করছেন মাত্র তিনজন চিকিৎসক। তারা হলেন—মেডিকেল অফিসার ডা. নাফিস হায়াত, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আমিনুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মহিবুল্লাহ।

প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসার জন্য এ হাসপাতালে আসেন। কিন্তু চিকিৎসকের সংখ্যা অপ্রতুল হওয়ায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত ডাক্তারদের। শুধু তাই নয়, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত ঘাটতিও স্বাস্থ্যসেবার মানকে আরও নাজুক করে তুলেছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“হাসপাতালে গেলে অনেক সময় ডাক্তার মেলে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা পাওয়া যায় না। বাধ্য হয়ে অনেকেই ফার্মেসি বা কবিরাজি চিকিৎসার উপর নির্ভর করেন।”

আরএমও ডা. আমিনুল ইসলাম বলেন,
“আমরা তিনজন মিলে সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদের সেবা দিতে। তবে জনবল কম থাকায় প্রত্যাশিত চিকিৎসা দেওয়া সবসময় সম্ভব হয় না।”

একই প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মহিবুল্লাহ জানান,
“এখানে অতিরিক্ত ডাক্তার জরুরি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন দপ্তরে জানিয়েছি। আশা করছি দ্রুত নিয়োগ হবে।”

জেলার সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা বলেন,
“অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের বিষয়টি আমাদের জানা আছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। শিগগিরই নতুন নিয়োগের মাধ্যমে সংকট দূর করা হবে।”

অষ্টগ্রামের সাধারণ মানুষের দাবি, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও চিকিৎসক সংকট ও অবকাঠামোগত দুর্বলতা সেই অধিকারকে বাধাগ্রস্ত করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী

You cannot copy content of this page