
ঝিনাইদহের কালীগঞ্জে বেশি দামে পার্শ্ববর্তী এলাকায় সার বিক্রি করায় বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের ফয়লা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন।
অভিযুক্ত মো. সাহাবুদ্দিন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক অনুমোদিত সার ও বীজ ডিলার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ডিলার সাহাবুদ্দিন ফয়লা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনচালিত ভ্যানে ১১ বস্তা ইউরিয়া ও এক বস্তা ফসফেট পার্শ্ববর্তী সদর উপজেলার আড়মুখী এলাকার রবিউলের কাছে বেশি দামে বিক্রি করেন।এ সময় নলডাঙ্গা এলাকায় ভ্যানটি পৌঁছালে স্থানীয়রা আটক করে কৃষি কর্মকর্তাকে বিষয়টি জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি “সংবাদ প্রতিদিন” কে বলেন, ‘গোপনে অন্য এলাকায় বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সারের ডিলার মো. সাহাবুদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার নিয়ে যে সকল ডিলাররা কারসাজি করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :