
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম জাহাঙ্গীর (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ময়মনসিংহ সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম জাহাঙ্গীর পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক এবং উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামের বাসিন্দা। তিনি বজলুল করিম ওরফে তারা মিয়ার ছেলে।
সূত্র জানায়, দীর্ঘদিন তিনি সাবেক এমপি বেলালের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। এমপির রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে তিনি এলাকায় আর্থিকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন।
এছাড়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, পূর্বধলা থানায় সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যার তদন্ত চলমান রয়েছে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :