দামুড়হুদার রঘুনাথপুরে ব্যবসায়ী হালিমকে কুপিয়ে জখম : রাজশাহী রেফার্ড


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ৬:২৫ অপরাহ্ন /
দামুড়হুদার রঘুনাথপুরে ব্যবসায়ী হালিমকে কুপিয়ে জখম : রাজশাহী রেফার্ড

এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রঘুনাথপুরে আব্দুল হালিম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার তার নিজ বাড়ির সামনে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। জখম আব্দুল হালিম দামুড়হুদা উপজেলার রঘুনাথপুরের মৃত খেলাফত বিশ্বাসের ছেলে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী রঘুনাথপুরের আব্দুল হালিম স্টক মালের ব্যবসায়ী। তিনি ব্যবসায়ীক কাজ শেষে বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সাথে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় বাড়ির বাইরে থেকে একই গ্রামের লিটনের ছেলে আলফাজ তাকে ডাক দেন। আব্দুল হালিম তার ডাকে সাড়া দিয়ে বাইরে আসেন। আলফাজের সাথে কথাবার্তার এক পর্যায়ে আব্দুল হালিমের সাথে বাকবিতন্ডা শুরু হয়। কিছুক্ষণ পরই আব্দুল হালিমের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাকে উদ্ধার করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আব্দুল হালিমের ডান পায়ে, হাটুর উপরে ও দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে চিহ্ন আছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
আব্দুল হালিমের বোনজামাই আমজাদ হোসেন, বড়ভাই ডালিম, ভাগ্নে স্বপ্ননসহ স্বজনরা জানান, একই এলাকার লিটনের ছেলে আলফাজ দীর্ঘদিন ধরে আব্দুল হালিমের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু হালিম চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বুধবার বেলা ২টার দিকে নিজ বাড়িতে থাকা অবস্থায় আলফাজ তাকে বাইরে ডেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় আলফাজের চাচা একই গ্রামের মোজাম্মেল হক দূরে দাঁড়িয়ে ছিলেন। তিনি মূলত এ চাঁদা দাবির সাথে জড়িত। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর জানান, এ ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমরা যতদুর জানতে পেরেছি জমিজমা নিয়ে বিবাদের জেরে আব্দুল হালিমকে কুপিয়ে জখম করা হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

You cannot copy content of this page