আলমডাঙ্গা বাদেমাজুর মোটরসাইকেল ব্যবসায়ী সবুজকে পুড়িয়ে হত্যা


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন /
আলমডাঙ্গা বাদেমাজুর মোটরসাইকেল ব্যবসায়ী সবুজকে পুড়িয়ে হত্যা

এক্সপ্রেস আলমডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ আলী নামে এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া
মোটরসাইকেল ও সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মঙ্গলবার রাতে আলমডাঙ্গা ফরিদপুর তেমাথা মোড়ের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। সবুজ আলী আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা সবুজ আলীকে মোবাইল ফোনে মোটরসাইকেল বিক্রির কথা বলে ডেকে নেয় আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে। বুধবার সকালে মেহগনি বাগানের ভেতরে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতাহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গ প্রেরণ করে।
তিনি আরো বলেন, হত্যাকারী শনাক্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের স্বজনরা জানান, সবুজ আলী রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। সকালে ফরিদপুর গ্রামের একটি বাগানে মোটরসাইকেল ও পোড়া মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করি আমরা। হত্যার পর মরদেহ যাতে চিনতে না পারে সেজন্য আগুনে পুড়িয়ে দেয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, সবুজসহ তার পিতা আ.লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর তাদের বাড়িতে ভাংচুর চালানো হয়। এক পর্যায়ে সবুজের পিতা তার ছেলেকে ইতালি পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেন। কয়েকদিনের মধ্যেই সবুজের ইতালি যাওয়ার কথা ছিলো।

You cannot copy content of this page