
এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে বৈদ্যুতিক পোল থেকে প্রায় ২৫০০ মিটার তার চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বৈদ্যুতিক তার চুরির খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ তার চুরি হওয়ায় ওই অঞ্চলের কৃষকেরা জমিতে সেচ দেয়া নিয়ে পড়েছেন বিপাকে।
সরজমিনে গিয়ে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌরসভাধীন ৮নং ওয়ার্ড বেলগাছি এলাকায় ওজোপাডিকো লিমিটেড চুয়াডাঙ্গা দপ্তরের আওতাধীন ১৭টি বৈদ্যুতিক পোল থেকে তার চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এতে ওই এলাকার কৃষকরা তাদের জমিতে সেচ দেয়া নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
বেলগাছী এলাকার কৃষক সাহেব আলী জানান, তার চুরি হওয়ার খবর শুনে আমার জমির কাছে যায়। গিয়ে দেখি চোরেরা তার চুরি করে নিয়ে গেছে। এখন চিন্তা হচ্ছে জমিতে সেচ দেবো কিভাবে? যদি দ্রুত বিদ্যুত ব্যবস্থা না করা হয় তাহলে ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে।
স্থানীয় রফিকুল নামে এক ব্যক্তি জানান, চোরেরা সুযোগ বুঝে সোমবার রাতের যে কোনো সময় এ তার চুরি করেছে। তবে এ তার চুরি ২-৪ জনের পক্ষে সম্ভব না। তার চুরির ঘটনায় অনেকে মিলে এ ঘটনা ঘটিয়েছে। আর যারা চুরি করেছে তারা বিদ্যুতের কাজে বেশ অভিজ্ঞ। তা না হলে বিদ্যুত থাকা অবস্থায় এ তার চুরি সম্ভব নয়। তাছাড়া যেখান থেকে তার কাটা হয়েছে এবং যেখানে শেষ করা হয়েছে এর মধ্যে কোন বাড়ি-ঘর নেই।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই আকতার হোসেন জানান, ১৫টি পোল থেকে প্রায় ২৫০০ মিটার তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের ধরতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওজোপাডিকোর চুয়াডাঙ্গা দপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রায় ২৫০০ মিটার তার দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে। পুলিশকে অবগত করা হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো ধারণা করা যায়নি।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :