
এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গায় সিনজেনটা কোম্পানীর কপির বীজ কিনে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ কৃষকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন জেলা সদরের বেলগাছী গ্রামের প্রতারণার শিকার কৃষকরা।
এ সময় তারা বলেন, বেলগাছী গ্রামের বেশীর ভাগ কৃষক সিনজেনটা কোম্পানির হোয়াইট গোল্ড কপির বীজ কিনে চরমভাবে প্রতারিত হয়েছেন। তাদেরকে সিনজেনটা কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছিলো এ কোম্পানীর হোয়াইট গোল্ড বীজ কিনে চাষ করলে ৬০ দিনের মধ্যে কপি সংগ্রহ করে বিক্রি করা যাবে এবং প্রতিটি কপি ওজনে এক কেজির বেশী হবে। কিন্তু কপির চারা লাগানোর ৮০ দিন পার হয়ে গেলেও সুগঠিত গাছ এবং ফুল কোনটাই হয়নি। কিন্তু কপির জমিতে চাষ থেকে শুরু করে কপি লাগানো, সার সেচ দেয়া, কীটনাশক প্রয়োগ এবং পরিচর্চা বাবদ তারা হাজার হাজার টাকা খরচ করে এখন পথে বসতে চলেছেন। অনেক চাষী জমি লীজ নিয়ে এবং ঋণ করে কপি চাষ করে সিনজেনটা কোম্পানির দ্বারা প্রতারিত হয়ে এখন চরম দুরাবস্থার মধ্যে পড়েছেন। ভুক্তভোগী কৃষকরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে তাদের ক্ষতিপূরণ দাবি করেন।
পরে ভুক্তভোগী কৃষকরা তাদের ফসলের ক্ষতিগ্রস্থের বিষয়ে বিবেচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সামসুজ্জামান, সুন্নত আলী, উলফাত হোসেন, হাফিজুল, আবুল কাশেম, রাজু নিজামসহ অনেকে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :