
খুলনার খানজাহান আলী সেতুর (রূপসা ব্রিজ) পিলার থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু নামের এক সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি সংবাদ প্রতিদিনের খুলনা প্রতিনিধি ছিলেন।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। লবনচরা ফাঁড়ির ইনচার্জ উপ–পরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই বলেন, পৌনে ৭টার দিকে তারা খবর পান রূপসা ব্রিজ থেকে একজন লাফ দিয়ে পিলারের ওপর পড়ে মারা গেছেন। সাথে সাথে তারা ঘটনাস্থলে যান ও নৌ পুলিশকে জানান। নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
রূপসা থানা নৌ পুলিশের এসআই বেল্লাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা গেছে, তার নাম ওয়াহিদুজ্জামান বুলু।
তিনি বলেন, আমরা তাঁর পরিবারের সাথে কথা বলেছি। পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :