‎ঝালকাঠিতে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে


দুলাল সাহা, ব্যুরো প্রধান বরিশাল প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন /
‎ঝালকাঠিতে নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে

‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর গতকাল ঢাকায় হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় পার্টি ‘ফ্যাসিবাদের সহযোগী দল’ হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। বিক্ষোভে আরো অংশ নেয় স্থানীয় এনসিপি ও জুলাই যোদ্ধারা।

‎বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নূর শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ডাকসুর সাবেক ভিপি। জুলাই আন্দোলনের স্বপক্ষের একজন যোদ্ধা। আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদ বিরোধী কথা বলতে গিয়ে তিনি অনেক হামলা মামলার শিকার হয়েছেন। তারা আরো বলেন, আওয়ামী লীগের দীর্ঘ দিনের দমননীতির মূল সহায়ক শক্তি হলো জাতীয় পার্টি। তাই জাতীয় পার্টির ওপর অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে এখনও ফ্যাসিবাদ সক্রিয় রয়েছে, তা প্রতিহত করতে হবে।

‎বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শুভ সিকদার, যুব অধিকার পরিষদ সদর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মতিউর রহমান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাওলাদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি শাখার যুগ্ম সমন্বয়ক মো. জুবায়ের হাওলাদার। আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা রাইয়ান বিন কামাল, ইফতি, আরাফ সোহায়েল ও মিরাজসহ আরো অনেকে।

You cannot copy content of this page