মাওনা চৌরাস্তায় ফের অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য


 মুহসিন মিয়া শাহিন (গাজীপুর প্রতিনিধি) প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ১২:২০ অপরাহ্ন /
মাওনা চৌরাস্তায় ফের অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য
অভিযানের পরও কার্যকর ব্যবস্থা না থাকায় ক্ষোভ এলাকাবাসীর। গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তায় ফের অবৈধ অটোরিকশা চলাচল শুরু হয়েছে। কিছুদিন আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। ফলে কয়েকদিন মহাসড়কে এসব যানবাহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে আবারও প্রকাশ্যে চলছে অবৈধ অটোরিকশা। এতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। মাওনা চৌরাস্তা দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এই ব্যস্ত মহাসড়কে ধীরগতির অটোরিকশা নামায় প্রতি মুহূর্তে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। অফিস সময় কিংবা স্কুল-কলেজ ছুটির সময়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। বিশেষজ্ঞদের মতে, ভারী যানবাহনের ভিড়ে ধীরগতির এসব অটোরিকশা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় কয়েকদিন অটোরিকশা বন্ধ থাকলেও নিয়মিত নজরদারির অভাবে এখন আবারও চালু হয়ে গেছে। পথচারী ও স্থানীয়রা বলছেন, সাময়িক অভিযানে সমস্যার সমাধান হয় না। মহাসড়ককে ধীরগতির যানবাহনমুক্ত রাখতে হলে নিয়মিত অভিযান ও কড়া নজরদারি প্রয়োজন। মাওনা চৌরাস্তার এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের অভিযান কয়েকদিন চলে, তারপর আর কিছু হয় না। এখন প্রতিদিনই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন পথচারী বলেন, মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাকের সাথে এই অটোরিকশা একসাথে চলায় প্রতিনিয়ত দুর্ঘটনার ভয় থাকে। অথচ পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে। পথচারী ও স্থানীয়দের অভিযোগ, মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলীর কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। অভিযান না থাকায় অটোরিকশা চালকরা আবারও সাহস পাচ্ছেন। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে পথচারীদের মধ্যে। সড়ক ও জনপথ বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল সড়ক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও বাস্তবে তার প্রয়োগ নেই। তাদের মতে, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হলে ধীরগতির যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে। স্থানীয় জনগণ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, কঠোর আইন প্রয়োগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অটোরিকশা একটি গ্রামীণ ও শহরতলির স্বল্প দূরত্বের যানবাহন। কিন্তু মহাসড়কে এর চলাচল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাময়িক অভিযান বা লোক দেখানো পদক্ষেপের বদলে নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন। নইলে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যে শুধু যানজট নয়, বরং ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও বহাল থাকবে। প্রশাসনকে এই দায় এড়ানোর সুযোগ নেই।

You cannot copy content of this page