
ময়মনসিংহের ফুলপুরে ঢাকা–শেরপুর মহাসড়কে বালুবোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে মনিরুজ্জামান চঞ্চল (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হায়দারাবাদ বালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
নিহত মনিরুজ্জামান চঞ্চল হায়দারাবাদ বালিয়া কান্দাপাড়া এলাকার মৃত ফুলমণি খানের জ্যেষ্ঠ ছেলে। তিনি ফুলপুর উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন। চার ভাই ও দুই বোনের মধ্যে মেঝো চঞ্চল রই ও আনোয়ার নামে দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ব্যক্তিগত কাজ সেরে বালিয়া এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার মুহূর্তে গোপালপুর বিসিক দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শিক্ষক চঞ্চল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অল্প সময়ে এক প্রতিভাবান শিক্ষককে হারিয়ে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবক মহলে শোকের ছায়া বিরাজ করছে। পরিচিতজনদের ভাষ্য, মনিরুজ্জামান চঞ্চল ছিলেন বিনয়ী, অমায়িক ও দায়িত্বশীল শিক্ষক; বিদ্যালয় ও সমাজের নানা কাজে তিনি সক্রিয় ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ। স্থানীয়দের মতে, মহাসড়কের ওই অংশটিতে ভারী যানবাহনের গতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে এমন হৃদয়বিদারক ঘটনা আর না ঘটে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :