সিলেটের আলোচিত পাথরকাণ্ডে দায়িত্বে অবহেলার অভিযোগে কোম্পানীগঞ্জের ইউএনও বদলি


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ২:৩০ অপরাহ্ন /
সিলেটের আলোচিত পাথরকাণ্ডে দায়িত্বে অবহেলার অভিযোগে কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

সিলেটের আলোচিত পাথরকাণ্ডে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সিলেটের বিভাগীয় কমিশনার খান মুহাম্মদ রেজা উন নবী স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলি করা হয়। একই সঙ্গে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির পর কোম্পানীগঞ্জের ইউএনওকে নতুন কর্মস্থল হিসেবে ফেঞ্চুগঞ্জে পোস্টিং দেওয়া হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ব্যাপক পাথর লুট ও অবৈধ উত্তোলনের ঘটনা সামনে আসে। এসব ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে সাদাপাথর থেকে কয়েক লাখ ঘনফুট পাথর উদ্ধারের পর ইউএনওর কার্যকারিতা নিয়ে সমালোচনা তৈরি হয়।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জের পাথরখেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই সক্রিয় থাকলেও সম্প্রতি তা ভয়াবহ আকার ধারণ করেছে। এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ,পরিবেশবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।

You cannot copy content of this page