রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ


রাজবাড়ী প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৫, ১:১৭ অপরাহ্ন /
রাজবাড়ীতে অচল খাল সচল ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

রাজবাড়ীতে অচল খাল সচল করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

পরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

এর আগে, বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক সমিতির সভাপতি আলাউদ্দিন তালুকদার।

সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিঞা, ফরিদপুর সদর উপজেলার কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর আব্দুল্লাহ সাইদ, কৃষক সমিতির নেত্রী জাহানারা বেগম ও মঞ্জুয়ারা বেগম।

বক্তারা অভিযোগ করেন, সুলতানপুর ইউনিয়নের খলিশা রামকান্তপুর এলাকার প্রায় ১০০ একর কৃষিজমি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ডুবে যাচ্ছে। খলিলপুর কুমার নদী থেকে খলিশা রামকান্তপুর সংযোগ খালের পশ্চিম মুখ বন্ধ থাকায় পানি প্রবাহ রুদ্ধ হয়ে গেছে। ফলে কৃষকরা জমিতে ধান রোপণ করতে পারছেন না, আর যারা ইতোমধ্যেই রোপণ করেছেন, তাদের ধান পানিতে তলিয়ে নষ্ট হয়েছে।

বক্তারা জানান, প্রতিবছর একই সমস্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অচল খাল দ্রুত সচল করে স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান, না হলে শুধু এই মৌসুম নয়, আগামী রবি মৌসুমের ফসলও মারাত্মক হুমকির মুখে পড়বে।

You cannot copy content of this page