শরীয়তপুরের জাজিরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন /
শরীয়তপুরের জাজিরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশুকে রাজ্জাক মাদবর(৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।শুক্রবার(৮ আগস্ট) বিকেলে উপজেলার সেনেরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত সরকারিভাবে বাস্তুহারাদের দেয়া বাসস্থানে(গুচ্ছগ্রাম) এঘটনা ঘটে।

অভিযুক্ত রাজ্জাক মাদবর(৫০) সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুু্ন্সী কান্দি এলাকার মকিন মাদবরের ছেলে।

পুলিশ সূত্রে ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধায় শিশুটি বাড়ীর পাশে থাকা মুদি দোকানে যাওয়ার সময় অভিযুক্ত রাজ্জাক মাদবর ওই শিশুকে একটি কেক নেয়ার জন্য তার ঘরের সামনে ডাকে। তখন কেক নিতে গেলে ওই শিশুর হাত ধরে টেনে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে রাজ্জাক। এসময় তা দেখতে পায় প্রতিবেশী এক নারী। অনেক সময় পাড় হওয়ার পরও ওই শিশুকে ঘর থেকে বের হতে না দেখে ওই শিশুর পরিবার ও আশেপাশের লোকজনকে জানান প্রত্যক্ষদর্শী ওই নারী। পরে আশেপাশে থাকা লোকজন ও ওই শিশুর বাবা মা রাজ্জাক মাদবরের ঘরে গিয়ে দেখতে পায় শিশুটি অসুস্থ অবস্থায় মেঝেতে পড়ে আছে ও রক্তক্ষরণ হচ্ছে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও অভিযুক্ত রাজ্জাক মাদবরকে ওই ঘরে আটকে রাখে। কিন্তু শিশুটির বাবা তার শিশু মেয়ের সাথে এমন ঘটনা মেনে নিতে না পেরে ওই ঘরের দরজা খুলে অভিযুক্ত রাজ্জাককে মারধর করতে গেলে সেই সুযোগে রাজ্জাক উল্টো তাকে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজ্জাক মাদবর দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী গত এক বছর আগে তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি তার ৩ ছেলেকে নিয়ে সরকারিভাবে দেয়া বাস্তুহারাদের বাসস্থানে(গুচ্ছগ্রাম) বসবাস করছিলেন।

ধর্ষণের শিকার শিশুর মা বলেন, আমার মেয়ের সঙ্গে রাজ্জাক যে কাজ করেছে তার কোন ক্ষমা নাই। আমার মেয়েটি খুবই অসুস্থ হয়ে পড়েছে। অনেক কষ্ট পাচ্ছে। আমি রাজ্জাকের সর্বোচ্চ শাস্তি চাই।

এবিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাজিম উদ্দিন বলেন, আমরা শিশুটির শরীরে কিছু আঘাতের চিহ্ন পেয়েছি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, এঘটনায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

You cannot copy content of this page