কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলা : দুই কর্মকর্তা নিখোঁজ


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন /
কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলা : দুই কর্মকর্তা নিখোঁজ

এক্সপ্রেস কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তা হলেন কুমারখালী থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।
কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুই পুলিশ সদস্য নিখোঁজের বিষয়ে কুমারখালী থানার ওসি ম্যাসেজ দেন। ম্যাসেজের ভিত্তিতে শিলাইদহের পদ্মা নদীতে তারা নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে কুমারখালী থানা পুলিশ পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গেলে জেলেদের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের নৌকা ডুবিয়ে দেয় জেলেরা। নৌকায় থাকা অন্যান্য পুলিশ সদস্যরা এসময় সাঁতরে পাড়ে উঠলেও পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন।
কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রোববার বিকেল ৫টা পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। রাতে তাদের কোন অভিযান ছিলো না।
কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ছয়জন পুলিশের একটি টিম অভিযানে যাচ্ছিল। কতিপয় দুষ্কৃতকারী এ সময় পদ্মা নদীতে তাদের নৌকা ডুবিয়ে দেয়। ৪জন পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পারলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You cannot copy content of this page