
সরকারি বাসা বরাদ্দের পর নির্ধারিত সময়সীমার মধ্যে দখল না নেওয়ায় সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বাসা ব্যবস্থাপনাতেও ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতিতে বরাদ্দ পাওয়া কর্মকর্তাদের ১০ (দশ) দিনের মধ্যে বাসার দখল নেওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-২ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হয় নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে। বরাদ্দপত্র অনুযায়ী, বাসাটি খালি হওয়ার ১০ দিনের মধ্যে দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
তবে দেখা যাচ্ছে, অনেক বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা বাসা খালি থাকা সত্ত্বেও তা নির্ধারিত সময়ের মধ্যে দখলে নিচ্ছেন না। কেউ কেউ অনেক দিন পর এসে বরাদ্দকৃত বাসার পরিবর্তে অন্য বাসা চেয়ে আবেদন করেন বা বরাদ্দ বাতিলের অনুরোধ করেন। এতে একটি বাসা দীর্ঘদিন খালি পড়ে থাকে—ফলে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়, অন্যদিকে সেই বাসা অন্য কোনো কর্মচারীকেও বরাদ্দ দেওয়া সম্ভব হয় না।
এই প্রেক্ষাপটে সরকারি আবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায়ের স্বার্থে বরাদ্দপ্রাপ্তদের যথাসময়ে বাসা দখলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
কেউ দখলে নিতে অনিচ্ছুক হলে দ্রুত সময়ের মধ্যে তা আবাসন পরিদপ্তরকে জানাতে হবে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত চিঠিটি গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)সহ সংশ্লিষ্ট অফিসগুলোতে জ্ঞাতার্থে ও কার্যার্থে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :