দিলীপ আগরওয়ালা ও দোলনসহ তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন /
দিলীপ আগরওয়ালা ও দোলনসহ তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলন ও তাদের স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের সন্তান ইয়াশ আগরওয়ালা ও আঁচল আগরওয়ালা এবং এনামুল হক খান দোলনের স্ত্রী শারমীন খান, তাদের সন্তান আলিফ ইমরান খান ও লভিন খান।

আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা এবং এনামুল হক দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে সিন্ডিকেটের মাধ্যমে সোনা চোরাচালান করে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট আগরওয়ালা বর্তমানে বিভিন্ন মামলায় জেলহাজতে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এ ছাড়া অভিযোগসংশ্লিষ্ট অন্যরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া প্রয়োজন।

গত বছর আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এদিকে গত ১১ এপ্রিল এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

You cannot copy content of this page