
কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের রাতে কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।
বাড়ির মালিকের দাবি, নগদ টাকাসহ ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিধান রায় জানান, শনিবার রাতে বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। এসময় তিনি বাড়ির বাইরেই ছিলেন। বিদ্যুৎ চলে গেলে কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে অজ্ঞাত মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়। নগদ টাকাসহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিধান চন্দ্রের মেয়ের বিয়ে আজ। গত রাতে ভয়ভীতি দেখিয়ে আত্মীয়স্বজনের কানের দুল, নাকফুল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কনের গয়না নিতে পারেনি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :