জীবননগরে সাবেক এমপি টগরসহ ১২২জনের নামে মামলা : দুজন গ্রেফতার


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন /
জীবননগরে সাবেক এমপি টগরসহ ১২২জনের নামে মামলা : দুজন গ্রেফতার


চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১২২ জন নেতা-কর্মীর নামে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা শহরের রাজনগরের আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁদাবাজি ভাঙচুর ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি প্রদানের অভিযোগে এনে গতকাল শুক্রবার জীবননগর থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজন হচ্ছেন জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ড তেঁতুলিয়ার সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান ও ঘুগরাগাছির আওয়ামী লীগ নেতা আলী আহাম্মদ।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর শহরতলীর রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিএনপির আনোয়ার হোসেন চাঁদাবাজি, ভাংচুর, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি প্রদানের অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ ১২২জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিরিয়ার অনুযায়ী দুই নম্বরে মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরুদ্দিন ও তিন নম্বরে জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রয়েছেন। এছাড়াও মামলায় আওয়ামী লীগের উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের ১২২জন নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। মামলার তদন্তভার দেয়া হয়েছে থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামের ওপর। গ্রেফতারকৃত দুইজন হচ্ছে উপজেলা শহরের নতুন তেঁতুলিয়া গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে সাবেক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ও ঘুগরাগাছি গ্রামের আব্দুল গফুরের ছেলে আলী আহাম্মদ। গ্রেফতার দুজনকে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াস সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এদিকে গতকাল থানায় এ মামলা দায়েরের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যে সকল নেতা-কর্মী এলাকায় ছিলো তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে ইতোমধ্যে গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

You cannot copy content of this page