দুদকের মামলায় কারাগারে চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ দপ্তরের প্রধান সহকারী


চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ২:২৮ অপরাহ্ন /
দুদকের মামলায় কারাগারে চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ দপ্তরের প্রধান সহকারী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীনকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিভাগীয় বিশেষ জজ আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেপ্তার করে নগরের ডবলমুরিং থানা পুলিশ।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ পরিচালক সুবেল আহমেদ বলেন, আসামি শাহনাজ পারভীনকে পুলিশ গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে পাঠান। পরে আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

২০২৩ সালের ১৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী শাহনাজ পারভীন ও তার স্বামী বন বিভাগের কর্মচারী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক আবদুল মালেক বাদী হয়ে এই মামলাটি করেন।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, শাহনাজ পারভীন ১৯৯১ সালে অফিস সহকারী পদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগ দেন। তার দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে দুদক জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭ লাখ ৯ হাজার ১৮৮ টাকা সম্পদ অর্জন ও ২ লক্ষ ২ হাজার ২৪৩ টাকা গোপনের তথ্য পায়। অন্যদিকে তার স্বামী সুলতানুল আলম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায়। তদন্ত শেষে চলতি বছর ১২ মার্চ আদালতে মামলাটির চার্জশিট দাখিল করে দুদক।

You cannot copy content of this page