উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি  আটক


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৫, ১:৪৭ অপরাহ্ন /
উলিপুরে সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি  আটক

কুড়িগ্রাম জেলার 

উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৩ জুলাই) রাতে উলিপুর উপজেলায় এক অভিযানের সময় তাদের আটক করা হয়।  এসময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও কাশিয়াগারি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তল্লাশির সময় ১’শ ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মেজর শাহারিয়ার আহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদক ও চাঁদাবাজি বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You cannot copy content of this page