যুবদল নেতার হাতে সোহাগ হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন /
যুবদল নেতার হাতে সোহাগ হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতার হাতে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। এ সময় তারা বিএনপির উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ নাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমাদের সময় লাগবে না।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগ্রামী ছাত্র-জনতার ব্যানরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এ সময় ‘চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন’, ‘ডাইরেক্ট ‘অ্যাকশন’ ‘যুবদলের চামড়া খুলে নিবো আমরা’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’—সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিম বিন বারী, ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব, গণঅধিকার পরিষদের সাকিব হোসেন, এনসিপি নওগাঁর সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ প্রমূখ। 

বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। তারা আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

এ সময় বক্তারা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে নামাতে আমাদের সময় লাগেনি। আপনার দলের নেতা কর্মীরা যদি সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে আমাদের সময় লাগবে না। আওয়ামীলীগ যদি খুন, গুম নির্যাতনের কারণে নিষিদ্ধ হতে পারে তাহলে বিএনপি ৯মাসে দেড়’শ খুনের কারণে কেন নিষিদ্ধ হবে না। নওগাঁতে কোন প্রকার চাঁদাবাজি করতে দিব না আমরা। 

উল্লেথ্য, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগ নামের এক যুবককে পাথর মেরে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইতোমধ্যে পুলিশ যুবদল নেতা মঈনসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এদিকে, যুবদলের নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারাদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

You cannot copy content of this page