বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে গৃহীত প্রচার কার্যক্রমের আওতায় নেত্রকোণায় এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক জনাব আল ফয়সাল। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জনাব নারায়ণ সরকার।
সভায় বক্তারা বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও উন্নয়ন প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক জনাব মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ডক্টর চন্দন কুমার মহাপাত্র এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক।
প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক জনাব এম কিবরিয়া চৌধুরী হেলিম এবং জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক জননেত্র সম্পাদক জনাব এম মুখলেছুর রহমান খান। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন এবং ইশতেহার বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইশতেহার বাস্তবায়ন করতে প্রশাসন বদ্ধপরিকর।



আপনার মতামত লিখুন :