রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার


Rokonuz Zaman প্রকাশের সময় : মে ১, ২০২৬, ১১:০৬ অপরাহ্ন /
রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার কিশোর রাঙামাটি সদর এলাকার বাসিন্দা। সে ভুক্তভোগী শিশুর আপন চাচাতো ভাই বলে জানা গেছে।
শুক্রবার (১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাঙামাটি সদর এলাকায় শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা পুলিশ নড়েচড়ে বসে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের তত্ত্বাবধানে একটি চৌকস অভিযানিক টিম গঠন করা হয়।
​তদন্তকারী দলটি আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অভিযুক্ত কিশোর শহরের পুরাতন বস্তি এলাকায় আত্মগোপন করে আছে। শুক্রবার বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীর সার্বিক নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের সহযোগিতা করছে।
ওসি বলেন, ‘ঘটনাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছিলাম। ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’
​উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাসার সামনে খেলার সময় সাত বছরের ওই শিশুটিকে জোরপূর্বক নিজের ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মুন্নার বিরুদ্ধে। পরে শিশুটির বড় বোন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

You cannot copy content of this page