Rokonuz Zaman
প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন /
০
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে চাল বোঝাই ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়েছে।
খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়া হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এ ধরনের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। এগুলো বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় এবং সাধারণ বাজারে এ ধরনের চাল উৎপাদন বা বিক্রি প্রচলিত নয়।
জব্দ করা চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী বলেন, এগুলো আমার চাল। গোপালগঞ্জে তার একটি চালকল রয়েছে, সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল বলেও জানান তিনি।
তবে তিনি স্বীকার করে বলেন, কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা ভুল হয়েছে।
এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :