পশ্চিমবঙ্গে নির্বাচন: ৩ দিন বন্ধ থাকবে দর্শনা-গেদে সীমান্ত


Rokonuz Zaman প্রকাশের সময় : এপ্রিল ২৭, ২০২৬, ২:২৪ অপরাহ্ন /
পশ্চিমবঙ্গে নির্বাচন: ৩ দিন বন্ধ থাকবে দর্শনা-গেদে সীমান্ত
দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমে তিন দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি মানবিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) ভারতের গেদে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী (স্মারক নং- ৫০০(৫৪)/JM), নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পূর্বনির্ধারিত চিকিৎসা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক কাজে ভারতে যাওয়ার পরিকল্পনা করা বহু মানুষ অনিশ্চয়তায় পড়েছেন। তিন দিনের এই নিষেধাজ্ঞা বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের ওপর কার্যকর হলেও ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

তবে মানবিক দিক বিবেচনায় কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ক্যান্সার রোগীদের জরুরি কেমোথেরাপির জন্য ভারতে যাতায়াত এবং দুই দেশের মধ্যে মরদেহ হস্তান্তর কার্যক্রম চালু থাকবে। একইসঙ্গে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই মো. তারিক জানান, ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে আগাম সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচন শেষে ৩০ এপ্রিল সকাল থেকে পুনরায় ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করা ভারত সরকারের একটি নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়া। অতীতের নির্বাচনগুলোতেও একইভাবে যাত্রী চলাচলে সাময়িকভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।

You cannot copy content of this page