
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা এই আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন না। সকালে অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দা ও অফিসের নাইট গার্ড দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাহবুবুর রহমান জানান, জেলা সার্ভার স্টেশন অফিসের পেছনের জানালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বর্তমানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। বড় ধরনের ক্ষতি না হলেও এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
মো. আবু দাউদ উল্লেখ করেন, স্টোর রুমের জানালার পাশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন ঢেলে আগুন জ্বালানো হয়েছে। ঘটনার পর থেকে অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়লেও স্টাফরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছেন। এটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
নির্বাচন অফিসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :