
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া নিশি রহমান (৩৮) অবশেষে জামিন পেয়েছেন।
রোববার দুপুরে পাবনা ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক তরিকুল ইসলাম পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। গত ৩ ডিসেম্বর জামিন আবেদন নাকচ হওয়ায় নিশিকে কারাগারে পাঠানো হয়, ফলে তার দুই বছর বয়সি শিশুসন্তানকেও মায়ের সঙ্গে কারাগারে থাকতে হয়।
নিশির স্বামী ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা ব্যবস্থাপক হাসানুর রহমান নয়ন জানান, আমার ছোট সন্তানের বয়স মাত্র দুই বছর। মায়ের সঙ্গে ওকেও জেলে থাকতে হয়েছে। আমাদের আরও দুই সন্তান আছে-তাদের নিয়েও আমি বিপাকে ছিলাম। আগেও জামিন চেয়েছিলাম, কিন্তু শুনানি হয়নি। আজ শুনানির পর আদালত জামিন দিয়েছেন।
ঘটনাটি শুরু হয় যখন ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক এলাকায় একটি মা কুকুর সম্প্রতি আটটি ছানার জন্ম দেয়। ৩০ নভেম্বর থেকে কুকুরটিকে এলাকাজুড়ে ছুটোছুটি করতে ও কান্না করতে দেখা যায়। পরদিন কাছের একটি পুকুর থেকে সব ছানার মরদেহ উদ্ধার করা হয়।
২ ডিসেম্বর রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হলে একই রাতে দেড়টার দিকে একমাত্র আসামি হিসেবে নিশি রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :