আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন /
০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এটি উদ্ধার করা হয়। গ্রামবাসীরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে থানায় খবর দিলে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা জানান, দুপুরে জমিতে কাজ করার সময় কৃষকরা হঠাৎ একটি বিশাল আকৃতির অজগরকে গাছের ডালে ঝুলতে দেখতে পান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্কেল এএসপি মুনতাসীর মামুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন। এসময় এলাকায় উৎসুক জনতার ভীড় বাড়তে থাকে।
এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহার-এর সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।
এএসপি মুনতাসির মামুন জানান, “ভারতের কালজানী নদী দিয়ে কয়েকদিন আগে কাঠ ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সেসময় গাছের সঙ্গেই অজগরটি এপারে এসেছে।”
পরবর্তীতে অজগরটিকে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানায়, সাপটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। পর্যবেক্ষণ শেষে সেটিকে নিরাপদ এলাকায় বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :