
ময়মনসিংহের নান্দাইলে সিএনজি অটোরিকশা চুরির মূলহোতা হিসেবে অভিযুক্ত শাহবাজ নামের এক ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার ও চুরি হওয়া যানবাহন উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী সিএনজির মালিক, চালক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাশাটি গ্রামের শাহবাজ দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ি থেকে চুরি হওয়া একটি সিএনজির ঘটনায় কিশোরগঞ্জের বড়পোল এলাকায় জনতার হাতে আটক হোসেনপুরের জাহিদুল ইসলাম জবানবন্দিতে চোরচক্রের মূলহোতা হিসেবে শাহবাজের নাম উল্লেখ করে।
তারা আরও বলেন, শাহবাজের নেতৃত্বে নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে অন্তত ১৩টি সিএনজি চুরি হয়েছে। এলাকায় ঘনঘন সিএনজি ও অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে তার সম্পৃক্ততা থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তিনি ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনাগুলোর পর থেকে শাহবাজ পলাতক রয়েছে।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন, এতে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ও নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
এ সময় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বিক্ষুব্ধ মালিক, চালক ও শ্রমিকদের অভিযোগ শোনেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। পুলিশের আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিএনজি মালিক আসাদুল্লাহ মুন্সী, গোলাপ মিয়া, শফিকুল ইসলাম, আমিনুল, আব্দুল্লাহ, বিল্লাল মিয়া, মাসুদ, কাবিল মিয়া, শ্যামল, আউয়াল প্রমুখ।
ভুক্তভোগীদের দাবি—অবিলম্বে শাহবাজকে গ্রেফতার করে চুরি হওয়া সিএনজিগুলো উদ্ধার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :