টিএসসির সামনে দুই দফা ককটেল বিস্ফোরণঃ পথচারী আহত


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন /
টিএসসির সামনে দুই দফা ককটেল বিস্ফোরণঃ পথচারী আহত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সামনে বুধবার রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাত সোয়া ৯টার দিকে বাংলা একাডেমির দিক থেকে টিএসসির পথে বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে একজন পথচারী আহত হন এবং পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। তিনি আজিমপুরের বাসিন্দা। বিস্ফোরণের পর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি টিএসসি দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই পিঠে স্প্লিন্টারের আঘাত পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তির পিঠে সামান্য ক্ষত হয়েছে, চিকিৎসা চলছে। তিনি এখন শঙ্কামুক্ত।

এ ঘটনায় নাজমুস সাকিব নামে এক তরুণের মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, আমি রাস্তার পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটা ককটেল এসে পড়ে মোটরসাইকেলের পাশে। মুহূর্তেই আগুনের ফুলকি ছিটকে পড়ে। তেলের ট্যাংকটা ফেটে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেলগুলো সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে ছোড়া হয়েছিল। ওই সময় টিএসসি এলাকায় একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলছিল। অনেকের ধারণা, অনুষ্ঠানটিকে লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ ককটেল ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ ইতোমধ্যে এলাকাটি ঘিরে তল্লাশি শুরু করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বাংলা একাডেমির গেটের কাছে দুটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আমরা ধারণা করছি, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। রাত পর্যন্ত কেউ আটক হয়নি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

You cannot copy content of this page