গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন


 মুহসিন মিয়া শাহিন (গাজীপুর প্রতিনিধি) প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ন /
গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

গাজীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়।এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

You cannot copy content of this page