ইশ্বরগঞ্জে যুব সমাজ ও সচেতন জনতার উদ্যোগে মাদকবিরোধী রেড-এলার্ট কর্মসূচি পালিত


মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১১:১৮ অপরাহ্ন /
ইশ্বরগঞ্জে যুব সমাজ ও সচেতন জনতার উদ্যোগে মাদকবিরোধী রেড-এলার্ট কর্মসূচি পালিত

ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতা গ্রামে স্থানীয় যুব সমাজ ও তৌহিদী জনতার উদ্যোগে মাদকবিরোধী “রেড-এলার্ট” কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূল ও সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বক্তারা জানান, নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কার্যক্রম চিহ্নিত ও প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা।

কর্মসূচির সূচনা হয় সোনালি অটো রাইস মিল সংলগ্ন বাড়ি থেকে, যেখানে স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবি (৬৫), পিতা মৃত ঈসাক আলীর বাড়ির সামনে প্রতীকী সতর্কবার্তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত যুবক ও মুরুব্বিরা শান্তিপূর্ণভাবে মাদকবিরোধী অবস্থান ঘোষণা করেন এবং সমাজে শান্তি, ঐক্য ও নিরাপত্তা প্রতিষ্ঠার শপথ নেন।

বক্তারা বলেন, “এটি শুধু মাদকবিরোধী আন্দোলন নয়, বরং সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার এক ইতিবাচক উদ্যোগ।” তারা আরও জানান, নীরব থাকা মানে অন্যায়ের সহায়তা করা—তাই আগামীতে প্রয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সচেতনতা অভিযান ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে এবং যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করবে।

You cannot copy content of this page