
ভিয়েতনামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার এক প্রবাসী যুবক। নিহতের নাম পারভেজ মণ্ডল (২১)। তিনি কালুখালী উপজেলার মদাপুর গ্রামের কিয়ামদ্দিন মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পারভেজ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রবাসী সাকিব মিয়া, যিনি পারভেজের প্রতিবেশী, শুক্রবার (৭ নভেম্বর) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর পারভেজের পরনে থাকা কোম্পানির পোশাক দেখে স্থানীয় পুলিশ তার পরিচয় শনাক্ত করে।
পারভেজ প্রায় এক বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ভিয়েতনাম যান। কিন্তু পরবাসে সড়ক দুর্ঘটনাই শেষ করে দিল তার সব স্বপ্ন।
পারভেজের মৃত্যুর খবর দেশে পৌঁছালে মদাপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :