সড়ক দূর্ঘটনায় আহত স্বামীর মৃত্যু গুরুতর আহত মা ও স্ত্রীর অবস্থা সংকটাপন্নঃ চিকিৎসা সহযোগিতায় বিত্তশালী দের এগিয়ে আসার আহ্বান
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন /
০
হবিগঞ্জের বানিয়াচংয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাহুবলের আলফু মিয়া মারা গেছেন। তবে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন নিহতের মা- ছুরত বানু (৬০) ও স্ত্রী শিল্পী আক্তার (৩৪)। এতে চিকিৎসা ব্যয় নির্বাহে দিশেহারা হয়ে পড়েছে শোকার্ত পরিবার।
জানা যায়, গত ৩০ অক্টোবর সকাল ৮ টার দিকে বানিয়াচংয়ের সুনামপুর আত্মীয়ের বাড়ি থেকে টমটম যোগে হবিগঞ্জ আসার পথে চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে টমটম গাড়ি দুমড়ে মুচড়ে যাত্রী বাহুবল উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে দিনমজুর আলফু মিয়া, তার স্ত্রী শিল্পী আক্তার ও মা ছুরত বানু গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু আলফু মিয়া ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলফু মিয়া পরদিন মারা যান।
এদিকে হতদরিদ্র আলফু মিয়ার মা ও স্ত্রী হাসপাতালে এখনও মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। অসহায় এ পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন আলফু মিয়া। তাকে হারিয়ে শোকার্ত পরিবার দিশেহারা। হাসপাতালে চিকিৎসাধীন মা ছুরত বানু ও স্ত্রী শিল্পী আক্তারের চিকিৎসা ব্যয় নির্বাহে নিহতের ভাই অটোরিকশা চালক জালাল মিয়া চিকিৎসা সহায়তার জন্য সরকার সহ বিত্তশালীদের প্রতি আবেদন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :