ময়মনসিংহে ৪ শতাধিক কৃষককে বিনামূল্যে সরিষা বীজ প্রদান


মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন /
ময়মনসিংহে ৪ শতাধিক কৃষককে বিনামূল্যে সরিষা বীজ প্রদান

দেশে তৈলবীজ উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে রবি মৌসুমে সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহে ৪ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষা বীজ বিতরণ করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী ও ভাবখালী গ্রামের দুই ফসলি চাষীদের মাঝে এই বীজ বিতরণ করা হয়।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সুতিয়াখালী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এই বীজ তুলে দেন প্রধান অতিথি বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ ড. একেএম আনিছুজ্জামান।
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ শফিকুল আলম, কর্মকর্তা ড. মো. ইব্রাহিম খলিল, ড. মো. হোসেন আলী, ড. মোহাম্মদ আশিকুর রহমান ও ড. মো. মাহবুবুর রহমান খান প্রমুখ।
প্রধান অতিথি কৃষিবিদ ড. একেএম আনিছুজ্জামান বলেন, ‘অল্প জমিতে অধিক ফসল ফলানোর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল এই বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি এতে কৃষকরা লাভবান হবেন।’
এ সময় সভাপতির বক্তব্যে ড. মাহবুবুল আলম তরফদার বলেন, ‘দেশে জনসংখ্যা বাড়ছে, কমছে জমির পরিমাণ। ফলে অল্প জমিতে কীভাবে উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে আমরা কৃষকদের দিকনির্দেশনা দিয়ে এই সরিষা বীজ বিতরণ করেছি।’

You cannot copy content of this page