
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার বেলা তিনটা থেকে দামুড়হুদা উপজেলার হাজার হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে চারুলিয়া, জগন্নাথপুর, নাটুদহ, গচিয়ারপাড়া, চন্দ্রবাস, বোয়ালমারি, ছাতিয়ানতলা ও কুনিয়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন মাহমুদ হাসান খান বাবু।
এসময় তিনি বলেন, ‘আমরা দিনের ভোট রাতে দেখতে চাই না। আমরা জনগণের ভালোবাসা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। তাই আমরা যারা বিএনপিকে মনে ধারণ করেছি, তাদের কাজ হবে সাধারণ ভোটারদের ভালোবেসে কাছে আনা। কারো সাথে কখনই খারাপ আচরণ করে নয়। আমাদের কাজ হবে জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের দিকে যাওয়া। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ঠিকমতো চিকিৎসা করতে দেওয়া হয়নি। নিজের বাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এরকম বর্বরোচিত রূপ আপনারা দেখেছেন? তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে।’
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘একশ্রেণির মানুষ ধর্মের দোহাই দিয়ে জনগণকে ভুল পথে পরিচালনা করতে পারে, সে দিকে লক্ষ্য রাখতে হবে। যাতে জনগণ প্রতারিত না হয়। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই এই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার জন্য এই জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আরিফ), উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইকরামুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজসহ উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :